ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর গ্যারেজ ভাঙচুর ও রড লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:০৭ এএম
গ্যারেজ ভঙচুর। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘুলি সড়কস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বাদী সিদ্দিক বিল্ডিং বিলাস এস এস মেটাল অ্যান্ড থাই এলুমিনিয়ামের স্বত্ত্বাধীকারী ও লক্ষ্মীপুর রোটারি ক্লাবের সদস্য। 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিদ্দিক কয়েক ধাপে মান্দারী-দিঘুলী সড়কস্থ এলাকায় প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে একটি গ্যারেজ ছিল। একই স্থানে নতুন ভবন নির্মাণের কাজ চলমান। একটি চক্র রাতের আঁধারে সেখানে ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যায়। বিভিন্ন নির্মাণসামগ্রী পাশ্ববর্তী খালে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নির্মাণকাজ ব্যাহত হয়েছে। মামলায় নাছির উল্যা, লিটন ভূঁইয়া, ফয়সাল ও আব্দুল লতিফসহ ১০ জনকে আসামি করা হয়েছে। 

মো. সিদ্দিক অভিযোগ করে বলেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিত এ হামলা চালিয়েছে। তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।