ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ দুর্ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।
নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন শরিফুল। পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও ছেলে নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত তাদের মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন