ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএসএফের গুলিতে যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল স্থানীয় জনতা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৩৪ পিএম
ভারত-বাংলাদেশ সীমান্ত। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ ধরে এনে বিজিবির হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে,​ সকালে মিজানুর সীমান্তের কাছে একটি ভুট্টাখেতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।​

এ সময় একটি গুলি মিজানুরের শরীরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।​​ গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিজানুরকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ​বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কারণে উত্তেজিত জনতা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ ধরে নিয়ে আসে। এই ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একজন ভারতীয় নাগরিককে আটক করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ভারতীয় নাগরিককে তাদের হেফাজতে নিয়েছেন।