ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

শনিবার (২ মে) দুপুর ২টার দিকে তিনি এ স্থলবন্দর পরিদর্শন করেন।

এ সময় শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বুড়িমারী স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির যে জটিলতা রয়েছে, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু আছে অথচ বুড়িমারী স্থলবন্দরে নিষেধাজ্ঞায় রয়েছে, সেগুলো নিয়ে কাজ করা হবে।

ব্যবসায়িক ভিসাসহ সব ধরনের ভিসা-সংক্রান্ত জটিলতা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এ ছাড়া বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানির সুবিধা-অসুবিধার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য বন্দরে আমদানি-রপ্তানি হয়, কিন্তু বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না, সে বিষয়টি হাইকমিশনারকে অবগত করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার স্থলবন্দর পরিদর্শনে এসেছেন। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।