ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ২ শ্রমিক নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:০০ পিএম
রাজৈর থানা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে একটি মৌচাক (কৃত্রিম মধু চাষ) চাষের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের দুই মৌয়াল শ্রমিক মারা যান। 

রাজৈরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল-রশিদ জানান, রাত ৪টার দিকে রাজৈর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা থেকে বরিশালগামী মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান। 

নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আমজাদের ছেলে রানা (২৭) ও একই থানার মুক্তরের ছেলে লিখন (১৮)। ঘটনার পর থেকে গাড়িচালক ও হেলপার পলাতক। সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ ও ট্রাক উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।