মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান। বিশেষ অভিযোগের ভিত্তিতে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, জেএসবি ও এমআরকে নামে দুটি ইটভাটা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করছে। এছাড়া ভাটার ভেতরে স’মিল স্থাপন করে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এই সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৬ ধারার আওতায় দুটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ২টি।
অভিযান শেষে আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান জানান, পরিবেশ সংরক্ষণ ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

