ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে ৪০ বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:১১ এএম
বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন।  ছবি : সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে অন্তত ২০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত আরও ২০টি বসতবাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যার ঘটনার জেরে মঙ্গলবার রাতে হাসান মুন্সীর পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায় নিহত আলমগীর হাওলাদা‌রের পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেওয়া হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বসতবাড়িতে। এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আখতার হাওলাদারের সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিস।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেগ পোহাতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চালানো হয়।’