মানিকগঞ্জে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এক জেলে কারাগারে মারা গেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে।
মৃত জেলের নাম মো. মজিবুর রহমান (৫৪)। তিনি শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের আনছের শেখের ছেলে।
কারা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মজিবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ভোগকালে শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগারে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ুন কবির খান বলেন, ‘মজিবুর রহমান দুপুরে বুক ব্যথার কথা জানানোর পরই আমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি। পরে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন