গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য জনগণকে আহ্বান জানিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ৫৪ বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য ২৪-এর জুলাই বিপ্লব হয়েছিল। বাংলার তরুণেরা বুক পেতে মাঠে নেমেছিল এবং বুলেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যে রক্ত দিয়েছিল, তার প্রতিফলন ও বাস্তবায়নের মাধ্যমেই এই জুলাই সনদ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ’ জয়লাভ করলে গণঅভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে রিকশা প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিসের প্রার্থী গাজী শেখ নুরে আলম হামিদীর পক্ষে ভোট চাওয়াসহ মৌলভীবাজারের চারটি আসনে ভোটদানের আহ্বান জানান মামুনুল হক। মৌলভীবাজার-১ দাঁড়িপাল্লায় আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ দাঁড়িপাল্লায় সাহেদ আলী, মৌলভীবাজার-৩ দেওয়াল ঘড়িতে আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ রিকশা প্রতীকে শেখ নুরে আলম হামিদীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের অবসান চায়। পুরাতন নেতাদের আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য ১১ দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও পরবর্তী সময়ের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের মানুষ ভাগ্যের পরিবর্তন দেখতে পাননি। তাই জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুনরায় পরিবর্তনের পথে রয়েছে। বর্তমানে কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্র করছে। মানুষ পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের ১৮ কোটি বঞ্চিত অধিকার প্রতিষ্ঠা করতে রুখে দাঁড়াবে।
মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি দিয়ে ভোটের ছিনতাই করা যাবে না। গণভোটে ‘হ্যাঁ’ ভোট ও ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পাহারাদার বসানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মৌলভীবাজারের চারটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটের অনুরোধও জানান।

