মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি কারাগারটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন।
এ সময় বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সামগ্রিক পরিবেশ পর্যালোচনা করেন।
এছাড়া জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম—দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
তিনি কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই করেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনাকে সন্তোষজনক উল্লেখ করে কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন