যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) মৌলভীবাজার সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়।
এ অনিয়মের দায়ে তিনটি বাস কাউন্টারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন