মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি প্রধান জ্বালানি তেলের ডিপোতে নাশকতা ও সরবরাহে বিঘ্ন এড়াতে মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ মার্চ) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ পদ্মা ও মেঘনা ও যমুনা ডিপোতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজারে জেলার ৩টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল ও সার্বিক তদারকি করছেন। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
শ্রীমঙ্গল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বলেন, বিজিবি মোতায়েন করায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তিনি আরও জানান, তেলের তেমন কোনো ঘাটতি নেই, নিয়মিত সরবরাহ আসছে, তবে বিতরণে কিছুটা সময় লাগছে।
এদিকে তেলের পাম্পে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শনিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন তেল পাম্পের মালিক, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপোতে ছয়জন করে বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
-20260329153953.webp)

