মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর গতকাল রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকায় একটি ঘাসবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন