আধিপত্য বিস্তার কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে দুপক্ষের সংঘর্ষে ২৫ আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), শরিফুল ইসলাম (৪৩), হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলী (৪০) এবং দবির হোসেন গ্রুপের রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জ্বল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) এবং রফিকুল ইসলাম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিএনপি নেতা দবির উদ্দীন ও তার লোকজন স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা ও মাকে মারধর করে আহত করে। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে দবির উদ্দীনের লোকজন ফরমান আলীকেও মারধর করে। এর জেরে সোমবার রাতে ফরমান আলী ও দবির উদ্দীনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২৫ আহত হয়েছেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে। যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন