মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভাড়া বাসা থেকে মীম আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীম আক্তার গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে। তার স্বামী কিবরিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস ধরে স্বামী কিবরিয়ার সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন মীম। সোমবার রাতে কিবরিয়া কর্মস্থলে চলে গেলে মীম বাসায় একাই ছিলেন।
মঙ্গলবার ভোরে মীমের মা মেয়ের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী কিবরিয়া জানান, তিনি পেশায় একজন জাহাজ শ্রমিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর কয়েক মাস আত্মীয়-স্বজনের বাসায় থাকলেও গত ১১ মাস ধরে তারা ওই বাসায় বসবাস করছিলেন।
তিনি আরও জানান, তার স্ত্রী একা থাকতে ভয় পেতেন এবং গত কয়েক মাস ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও অবস্থার উন্নতি হয়নি। সোমবার রাতে কর্মস্থলে যাওয়ার সময় তিনি শাশুড়িকে বাসায় আসতে বলেছিলেন। সকালে কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যুর খবর পান।
নিহতের মা জানান, রাত বেশি হয়ে যাওয়ায় তিনি সোমবার মেয়ের বাসায় যেতে পারেননি। মঙ্গলবার ভোরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরে প্রবেশ করে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।
লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ ঘটনা অনুসন্ধানে কাজ করেছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন