ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গজারিয়ায় জনতার হাতে ৩ ডাকাত আটক, রামদা-পেট্রোল বোমা উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:০৫ এএম
আটক ডাকাতদের পুলিশের কাছে হস্তান্তর। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে তিনজন আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের দাবি, তারা ডাকাত নন। নয়ন-পিয়াস গ্রুপের লোকজন মারধর করে তাদের জনতার হাতে তুলে দিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে আবু হানিফ (৪২), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারীর ছেলে রাসেল (২৫) এবং গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মুজাফফর বেপারীর ছেলে লোকমান (৩০)।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে গ্রাম পাহারার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পাহারা শুরু করার পর রাত আড়াইটার দিকে গ্রামে ১০-১২ জনের উপস্থিতি টের পান পাহারাদাররা।

এ সময় ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে জনতা আটক করে। পরে তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে শুক্রবার সকাল ৯টার দিকে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, এ ঘটনায় আহত তিনজনকে পুলিশ আমাদের হাসপাতালে নিয়ে আসে। লোকমান ও আবু হানিফের অবস্থা ভালো নয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভেঙে গেছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

অন্যদিকে, জনতার হাতে আটক লোকমান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আমরা ডাকাত নই। আমাদের প্রতিপক্ষ নয়ন-পিয়াস গ্রুপের লোকজন গত রাতে আমাদের মারধর করে জনতার হাতে তুলে দিয়েছে। এই ভোঁতা অস্ত্র ও পেট্রোলবোমা নিয়ে কেউ ডাকাতি করতে আসে? এসব অস্ত্রও তাদের দেওয়া। আমরা জিতু রাঢ়ীর লোক। পিয়াসদের সঙ্গে জিতু রাঢ়ীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনতার হাতে আটক তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।