ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদুরে বসে দরিদ্র নারীদের কথা শুনলেন প্রধানমন্ত্রী কন্যা

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:১২ এএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্র নারীদের সঙ্গে মাদুরে বসে তাদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকালে তিনি ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন। সেখানে তিনি মাদুরে বসে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন

উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত বৈঠকে এক প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি পরিবারের কথা শোনেন তিনি। এ সময় ব্র্যাকের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কেও অবহিত হন।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করছে।

সম্পদ স্থানান্তর (গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য।

একই দিনে তিনি জেলার ত্রিশাল ও ভালুকা উপজেলার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। পরে তিনি রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেন।