ময়মনসিংহের তারাকান্দায় জ্বালানি মজুত রেখে ফিলিং স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে তারাকান্দা দক্ষিণ বাজারের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মোটরসাইকেল চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টরা তেল না পেয়ে বিপাকে পড়েন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এবং স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন খুলে দেওয়া হয়। একই সাথে ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, জ্বালানি মজুত রেখে ফিলিং স্টেশন বন্ধ করে দেয় মালিক। পরে ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মজুত করা জ্বালানি পাওয়া যায়। ফিলিং স্টেশন মালিককে কোনো দণ্ড না দিয়ে সতর্ক করা হয়েছে।

