ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তারকৃত মো. তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আয়েশা গ্রেপ্তার তৌহিদের চাচি। তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকালে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।