ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৩ শিশু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৮৮ শিশু।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মমেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৫১৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৩১ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ৩৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।