ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুর বয়স তিন মাস এবং অন্যটির ১০ মাস। মৃত শিশুদের মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এবং অন্যজন জামালপুরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালে প্রায় দুই মাসে ৩১ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গ নিয়ে গত ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে গতকাল মঙ্গলবার বিকেলে মারা যায়। আর ঈশ্বরগঞ্জের বাসিন্দা ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল। সে আজ বুধবার ভোরে মারা যায়।
হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ১৬৬ জন ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৯৬টি শিশু ভর্তি রয়েছে।
হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতাই পারে শিশুকে সুরক্ষিত রাখতে।’

