নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় তিতাস গ্যাসের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পঞ্চবটি এলাকার ‘কে-লিগো সোয়েটার কারখানায়’ এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কারখানার মূল ভবনের সামনে থাকা বয়লার কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তিতাস গ্যাসের সংযোগ লাইনে লিকেজ থাকায় মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেলে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কারখানার প্রধান বয়লার ও আশপাশের যন্ত্রাংশ পুড়ে যায়।
কারখানার প্রোডাকশন ম্যানেজার বাবুল আহমেদ জানান, আগুনে বয়লারের বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গেছে। প্রাথমিক হিসাবে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়লার কক্ষে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন মূল ভবনে ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন