ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

স্ত্রীর মৃত্যুর খবর থানায় জানান স্বামী, এখন তিনি পুলিশ হেফাজতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৫৮ পিএম
ফতুল্লা মডেল থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বামী-স্ত্রী একই ঘরে শুয়ে ছিলেন। সকালে দেখলেন স্ত্রী মৃত। তখন স্বামী নিজেই থানায় খবর দেন। এ ঘটনায় স্বামী রনি মিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে সাবিনা বেগম চম্পা নামে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চম্পা পটুয়াখালী জেলার বালাপাড়া থানার ফতেপুর পাখিমারা এলাকার মোতালেব মিয়ার মেয়ে। তিনি ওই এলাকায় স্বামী রনি মিয়ার সঙ্গে বসবাস করতেন।

রনি মিয়া (৩০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর এলাকার খলিল মিয়ার ছেলে। তিনি একটি রোলিং মিলে কাজ করেন।

ফতুল্লা মডেল থানার এসআই ওয়াসিম খান জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী একই সঙ্গে ঘরে ছিলেন। সকালে স্ত্রীর মৃতদেহ দেখে থানায় সংবাদ দেন রনি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় রনি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।