নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে স্থানীয় ‘সাকিব গ্রুপ’ নামে একটি পক্ষের পূর্ব বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়।
রোববার রাতে লিটন পিরোজপুরের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ধারণা করছি, তার পরিচিতদের সঙ্গে কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন