ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কাঁচপুর ব্রিজে চলন্ত ট্রাকে ভয়াবহ আগুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজে চলন্ত একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) দুপুরে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। কাঁচপুর ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই ট্রাকটির ইঞ্জিনে আগুন লাগে, যা দ্রুত কেবিনে ছড়িয়ে পড়ে।

আগুন দেখে প্রাণ বাঁচাতে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, লাফ দেওয়ার সময় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর চালক ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারা আহত অবস্থায় নিকটবর্তী কোনো হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।