ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেল বাল্কহেড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:০৯ পিএম
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাল্কহেডের পাঁচ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদীয়া-১৩ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির ওপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী সাদ্দাম হোসেন বলেন, ‘আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুটি নৌযান চলছিল তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিল যে সংঘর্ষ হবে। আমি সাথে সাথেই ভিডিও করতে শুরু করি।’