ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৩৪ এএম
আজিমুল কাদের ভূঁইয়া । ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর বেলাবতে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি অবস্থায় একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পোলট্রি খামারের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বেলাব থানার ওসি এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল কাদের ভূঁইয়া নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার পোলট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

পরিবার ও এলাকাবাসীর কেউই ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানেন না। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে বেলাব থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেলাব থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, ‘রাত ৮টার দিকে তার খামারের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’