নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়াকে স্বপদে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এ সময় সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিকের পেশাগত কাজেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে এলাকার নাগরিক সমাজ, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকদের অভিযোগ, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া ও তার অনুসারীরা মানববন্ধনে বাধা দেন। বিদ্যালয় মাঠে কর্মসূচি চালানোর চেষ্টা করলে নারীদের উদ্দেশে অশালীন মন্তব্য করা হয় এবং তাদের সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

আরও অভিযোগ ওঠে, মানববন্ধন চলাকালে ব্যানার ছিনিয়ে নেওয়া, হামলা এবং সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নূর শাখাওয়াত হোসেন মিয়া অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। তবে আদালতে এসব অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়েছে। তবু তিনি এখনও দায়িত্ব পালনে বাধার মুখে রয়েছেন।
প্রাক্তন শিক্ষার্থী তাহমিনা রেজা মৌসুমী অভিযোগ করেন, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে মিছিল-স্লোগান করিয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। নুরজাহান খানম ইতি বলেন, অধ্যক্ষের দায়িত্বকালীন সময়ে প্রতিষ্ঠানের ফলাফল প্রায় ৯৯ শতাংশ ছিল, যা বর্তমানে উল্লেখযোগ্যভাবে কমেছে।
খবর পেয়ে রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন