স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আমরা পত্রিকা পড়ি কাগজ দেখার জন্য না, সাংবাদিকদের লেখা দেখার জন্য। আপনাদের লেখাটা যেন সব সময় নেগেটিভ না হয়, পজেটিভ লিখেন তাহলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে।’
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, যদি আমার বা আপনাদের কোনো কাজেকর্মে সরকারের ওপর কোন বদনাম আসে বা সরকারের বিরুদ্ধে যদি সাংবাদিকরা লেখার সুযোগ পায়। মনে রাখবেন আমাকে যেমন আমার প্রধানমন্ত্রী ছাড়বেন না বলে দিয়েছেন, অপরাধীদেরও কিন্তু আমি ছাড়ব না। একদম সোজা কথা। বিন্দুমাত্র যদি অন্যায় কেউ করে, সমাজবিরোধী কাজ কেউ করে বা সহযোগিতা করে যেখানে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, আজ থেকে ২ বছর আগে সরকার চালানো আর আজকের সরকার চালানো অনেক পার্থক্য রয়েছে। এখনকার যে তরুণ প্রজন্ম, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিরোধীদল সবাই আমাদের দিকে বাজপাখির মতো তাকিয়ে আছে নোট করার জন্য আমরা কি করি। সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে, সমাজ এখন ভালো কাজ দেখতে চায়। কাজেই সমাজ জেগে ওঠবে একটা সরকারের বিরুদ্ধে তখন আড়াই মাস না আড়াই বছর না কি আড়াই ঘণ্টা সেটা মুখ্য ব্যাপার না। আমরা খারাপ কাজ করলে মানুষ জেগে ওঠবে।
মন্ত্রী বলেন, আমাদের কোনো কাজ-কর্মে যেন আমাদের সরকার অপমাণিত না হয়। সরকারের কাজে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সাবধান থাকবেন। সরকারকে ৫ বছর চলতে দেওয়াই আমাদের কর্মের সার্থকতা।
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বিশ্বজিৎ সাহা, সদস্য শ্যামল মিত্র, মনোহরদী পৌর বিএনপির আহবায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মনোহরদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, মুহা. ইসমাইল হোসাইন খানসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, রাজনীতিবীদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন