নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চর-মরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান মরজাল ইউনিয়নের চর মরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকালে আবদুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে মজা খাওয়ার জন্য দোকানে যায়। এরপর থেকে আবদুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও নিহতের পরিবারের সদস্যদের জানান। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত আবদুর রহমানের মা বলেন, আজকে সকালে প্রতিবেশীর ছাদে আমার ছেলে আবদুর রহমানের মরদেহ পাই। আমাদের কোনো শত্রু নেই। আমার ছেলে হত্যার বিচার চাই।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতাল রিপোর্টের কাজ চলছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


