নরসিংদী জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চোরচক্রটি বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা ও ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টা চুরির পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে রেখে যায়। এ ছাড়াও স্কুলের নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিভিআরও চোরের দল নিয়ে যায়। ফলে বিদ্যালয়টির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাবিকুন্নাহার জানান, ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। সুনামের সঙ্গেই শিক্ষার্থীদের পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। ফলে পাঠদানের জন্য ল্যাপটপ ও প্রজেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিং ফ্যান ও টেবিল ফ্যান ছিল।
তিনি জানান, বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পাই, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা ছিল। চোরচক্রটি চুরির পাশাপাশি বিদ্যালয়ে স্থাপন করা সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। এতে করে বিদ্যালয়টির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রটিকে ধরতে পুলিশ কাজ করছে।

-20260408144628.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন