ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় স্ত্রীর ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড়

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:৫২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি পদে স্বামীর নাম ঘোষণার পর খুশিতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী। আর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এর ফলে, ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে।

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নরসিংদী জেলা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সে তালিকায় ২ নম্বর সহসভাপতি হিসেবে সজীব পাল ঝুমন এর নাম রয়েছে। আর এই তালিকা ও স্বামী-স্ত্রীর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন স্ত্রী (বর্ষা পাল)।

পোস্টে তার স্ত্রী লেখেন, 'প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহ সভাপতি।'

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করেন। পোস্টে একজন লিখেছেন, খুশিতে সত্য বলে দিয়েছে, ভাই সে সত্যবাদী বউ পেয়েছে এটা ভাগ্যের ব্যাপার এই রকম হাজার নেতাকর্মী বিয়ে করে ২-৩ টা করে সন্তান আছে তারাও ছাত্রদল করে।

আর এই পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রদলের ঘোষিত কমিটিতে স্থান না পাওয়া ত‍্যাগী নেতাকর্মীরা। তারা বলেন, এই পোস্টই প্রমাণ করে ঘোষিত কমিটিতে ত‍্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। যার কারণে এ কমিটিতে বিবাহিত ও আন্দোলন সংগ্রামের আগে থেকেই প্রবাসে অবস্থান করা প্রবাসীদের নামও স্থান পেয়েছে।

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল‍্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে আন্দোলন সংগ্রামে মিছিলের অগ্রভাগে থাকা নেতাকর্মীদেরও অবমূল্যায়ন করা হয়েছে। দলের বিগত সময়ে ত‍্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে প্রায় ১৫/২০ জন প্রবাসী, যারা বর্তমানেও প্রবাসে অবস্থান করছে, সেসব লোকদের নাম স্থান পেয়েছে এই কমিটিতে।