ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি নেতা দুলুর ১০ দফা ইশতেহার ঘোষণা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:২৪ পিএম
ইশতেহার পাঠ করেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরকে একটি আধুনিক, কর্মসংস্থানমুখী ও প্রযুক্তিবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্যে ‘নতুন নাটোর, নতুন আশা’ স্লোগান সামনে রেখে ১০ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের মর্যাদা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি, শিল্প ও বাণিজ্য, আইনশৃঙ্খলা, ক্রীড়া, পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তি—এই ১০টি গুরুত্বপূর্ণ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারের শুরুতেই রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি নির্বাচিত হলে এসব পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ‘কৃষি কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের অঙ্গীকার করেন।

কর্মসংস্থান ও শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, নাটোরে গ্যাস সংযোগ নিশ্চিত করে কলকারখানা স্থাপন করা হবে, যা ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা গড়ে তোলা এবং তরুণদের জন্য ফ্রিল্যান্সিং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষিনির্ভর এই জেলায় কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন ও পর্যাপ্ত হিমাগার নির্মাণের পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে নাটোর শহর সম্প্রসারণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদ সংস্কার করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ট্রমা সেন্টার নির্মাণ এবং সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর প্রতিশ্রুতি দেন দুলু। প্রযুক্তিনির্ভর নাটোর গড়তে আইটি পার্ককে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং গুরুত্বপূর্ণ এলাকায় ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের কথাও জানান তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নাটোর-নওগাঁ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং নাটোর রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন এই বিএনপি নেতা। ক্রীড়া ও পর্যটন খাতে নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জেলার পর্যটন কেন্দ্রগুলো আধুনিকায়নের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ ছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য সংসদে দশম ওয়েজবোর্ড ঘোষণার উদ্যোগ নেওয়া এবং অবসরপ্রাপ্ত সাংবাদিক ও লেখকদের জন্য আবাসন সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে নাটোর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।