ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় পার্টির প্রার্থীর প্রচার থেকে সরে দাঁড়াল দলের একাংশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:১৯ এএম
জাতীয় পার্টির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর (কলোনি) এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা তাদের আপত্তি ও অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে তারা জানান।

তারা বলেন, প্রার্থীর অনুপস্থিতিতে দুই-তিন দিন ধরে কিছু এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য মাইকিং করা হলেও বিষয়টি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার কোনো নেতৃবৃন্দ, এমনকি জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দও অবগত ছিলেন না।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি কী প্রক্রিয়ায় অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন, সে বিষয়েও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অবগত নন। তবুও দলীয় স্বার্থে তারা লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে থাকার এবং বিজয় নিশ্চিত করার প্রত্যাশা করেছিলেন।

বক্তারা অভিযোগ করেন, মনোনীত প্রার্থী এখন পর্যন্ত নির্বাচনি এলাকায় প্রবেশ করেননি এবং কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগও করেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি একাধিকবার জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

নেতারা বলেন, প্রার্থীর এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি সাধন করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে লাঙ্গল প্রতীকের নির্বাচনি প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল গনি। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।