নেত্রকোনার মদন উপজেলায় একটি ফসলি জমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বিকাল বাজারসংলগ্ন একটি জমিতে মাটিচাপা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার দিকে মাঠে কাজ করতে গিয়ে একটি নিচু জমিতে মাটির নিচে চাপা দেওয়া মরদেহের কিছু অংশ উপরে উঠে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর ধারণা, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নির্জন স্থানে লাশটি পুঁতে রেখে গেছে। লাশের অবস্থান ও আলামত দেখে অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
খবর পেয়ে মদন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তদন্তকারী কর্মকর্তারা জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না অথবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না- তা ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

-20251229142018.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন