মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের বাজার টিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।
উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, বীরেন বুনার্জির বিরুদ্ধে একটি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন