ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাল ছাড়াই ধরলেন ২৩ কেজির কোরাল

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২০ এএম
কোরাল মাছ হাতে জেলে আনোয়ার হোসেন । ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কোরাল মাছ। মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেজিপ্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যাপারী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান স্থানীয় আনোয়ার হোসেন নামের এক জেলে। উপরে উঠে আসার সময় নদীর কিনারে সাদা আকৃতির কিছু একটা দেখতে পান। কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল মাছ দেখেই আত্মহারা হয়ে যান তিনি। এ সময় সঙ্গে থাকা মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন। পরে কোরাল মাছটি বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয় বাজারে নিয়ে এলে এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

জেলে আনোয়ার হোসেন বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা কোরাল মাছটি পেয়েছি।

জেলের বড় ভাই সিরাজ বলেন, এত বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুই ভাই মিলে কোরাল মাছটি কাঁধে করে বাজারে নিয়ে এলে মানুষ দেখে ভিড় করে।

জেলে আনোয়ার হোসেন উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬ নম্বর ওয়ার্ড আবদুল গনির ছেলে।