পৌষের শেষ আর মাঘের আবাহনে নোয়াখালীর সেনবাগে বসেছিল বিশাল মাছের মেলা। বড় বড় রুই-কাতল আর নদীর তাজা মাছের পসরায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী এই মেলায় প্রায় ১০০ মণ দেশি ও সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারে চতুর্থবারের মতো এই ঐতিহ্যবাহী মাছের মেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। পৌষসংক্রান্তির আনন্দে কানকিরহাটের এই মাছের মেলা এখন এলাকাবাসীর কাছে একটি উৎসবমুখর ঐতিহ্যে পরিণত হয়েছে, যা প্রতিবছরই মাছপ্রেমীদের মিলনমেলায় রূপ নেয়।
আয়োজকরা জানায়, পদ্মা, মেঘনা নদী ও বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা নানা প্রজাতির তাজা মাছ মেলায় তোলা হয়। বিক্রেতাদের থালায় সাজানো ছিল বড় আকারের রুই, কাতল, চিতল, বোয়াল, আইড়, কালবাউশ, মৃগেল, গ্রাস কার্প, পাবদা, শোল ও গজার।
এ ছাড়া তেলাপিয়া, পুঁটি, কৈ, চাপিলা, চান্দা ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ ছিল প্রচুর। মেলায় সর্বোচ্চ ২০ কেজি ওজনের কাতল, রুই ও বোয়াল মাছও বিক্রি হতে দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, প্রায় ২০ জন মাছ বিক্রেতা মেলায় অংশ নেন। বড় সামুদ্রিক মাছের পাশাপাশি দেশীয় ছোট মাছেরও ব্যাপক সরবরাহ ছিল। প্রতিটি দোকানের সামনেই ক্রেতার ভিড় এবং দরদাম হাঁকানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
মাছ বিক্রেতা মো. বেলাল হোসেন বলেন, ‘গত বছরের তুলনায় এবার ব্যবসা ভালো হয়েছে। চট্টগ্রাম, ঢাকা, ফেনী, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে মাছ এসেছে। সামুদ্রিক মাছের প্রতিও মানুষের আগ্রহ ছিল। তবে দামের কারণে সবাই কিনতে পারেননি।’
মেলার আয়োজক ওমর ফারুক বলেন, মাঘ মাসের ১ তারিখ উপলক্ষে চতুর্থবারের মতো এই মাছের মেলার আয়োজন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০০ মণ মাছ বিক্রি হয়েছে।
গত বছর ৭০ মণ মাছ ২১ লাখ টাকায় বিক্রি হয়েছে। এবার মোট ৩০ লাখ টাকার বেচাকেনা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন