নোয়াখালীর সদর উপজেলার বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালের উত্তর দিকে রাস্তার পাশে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড় করানো অবস্থায় ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে বাসটি দাঁড় করিয়ে দরজা-জানালা বন্ধ করে বাইরে চলে যান চালক ও চালকের সহকারী।
রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার আরোহী যাত্রীরা বাসে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাসের ভেতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকেই বাসে আগুন লেগে যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন