পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহান ছুরি দিয়ে সুজনকে আঘাত করলে এ ঘটনা ঘটে।
নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। তিনি পেশায় শরবত বিক্রেতা ছিলেন। আর আটককৃত সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্ট আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে ট্রাস্ট-সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুজন ও সোহানের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে সোহান ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে গ্রেপ্তার করেছে। মামলা প্রক্রিয়াধীন।



