× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:২৪ পিএম

পটুয়াখালীতে আলোচিত সিয়াম হত্যার ২ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:২৪ পিএম

গ্রেপ্তার ২ জন। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ২ জন। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জের আলোচিত সিয়াম (২০) হত্যাকাণ্ডের দুই আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১০।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে ঘটনার প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুল সালাম। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে আটক আসামিদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

আটককৃত আসামিরা হলেন— মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাইয়ান এবং পটুয়াখালীর ডিবুয়াপুর এলাকার রফিকুল ইসলাম পিন্টুর ছেলে মো. রাশেদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিয়াম পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে। আহত আব্দুল আল মাহমুদ মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তার নানাবাড়িতে বেড়াতে আসে।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে সিয়াম ও তার খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুন মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠ এলাকায় ঘুরতে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে পরিচয় জানতে চেয়ে তর্কে জড়ায়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে দুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

মারধরের ফলে সিয়াম গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে নিজেদের মোটরসাইকেলে করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। বিকেল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ আল মামুন বর্তমানে বরিশালের শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. জুয়েল তালুকদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। পরে র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ওসি মো. আব্দুল সালাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, কলেজ এলাকায় ঘোরাঘুরির সময় বখাটেদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। আসামিদের থানায় হস্তান্তর করা হলে তদন্তের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানানো যাবে।’

Link copied!