পটুয়াখালীর দুমকী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ নারী-পুরুষ আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীরামপুর, রাজাখালী, পীরতলা বন্দর, দুমকী পবিপ্রবি ক্যাম্পাস ও জলিশা এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
রেফার করা আহতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০) ও তানিয়া (সাড়ে ৩ বছর)। আহতদের মধ্যে আরও রয়েছেন মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০)।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি তাদের।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন নেই। আহতদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন