পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর থেকে জনতা বাজারে যাতায়াতের একমাত্র সংযোগ সড়কের গোয়ালিয়াবাগঘা আয়রন ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আলোকী নদীর ওপর নির্মিত প্রায় ৪০০ ফুট দীর্ঘ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে কালিশুরী বাজার এলাকা থেকে সরিয়ে এনে জনতা বাজারসংলগ্ন এলাকায় ব্রিজটি স্থাপন করা হয়। তবে স্থাপনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ধরনের টেকসই সংস্কার না হওয়ায় বর্তমানে এর লোহার কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে কাঠ দিয়ে অস্থায়ী জোড়াতালি দেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে।
এই ব্রিজ দিয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল ও কলেজে যাতায়াত করে। পাশাপাশি নদীর দুইপাশে তিনটি বাণিজ্যিক ব্যাংকসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় সারাদিনই মানুষের চলাচল থাকে। মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় প্রায়ই সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে ব্রিজের ওপর যানবাহন বিকল হয়ে পড়ে, এতে যাত্রী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন আয়রন ব্রিজটি অতি পুরাতন হয়ে সিমেন্টের স্লিপার ভেঙে যবুথবু হয়ে পড়ে আছে। দুইপারের জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করছে। দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।
শিক্ষক মো. ইমরান মাহমুদ বলেন, আমি প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করি। দীর্ঘদিন ধরে বড় কোনো সংস্কার হয়নি। বর্তমানে বিশেষ করে বর্ষা মৌসুমে এই ব্রিজ পার হতে খুব ভয় লাগে।'
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর বাউফল উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল ইসলাম জানান, ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত। খুব শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটি অপসারণ করে সেখানে একটি স্থায়ী ও টেকসই নতুন সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

