ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

শরিফ ওসমান বিন হাদি হত্যার মামলাটি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিকভাবে তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশ সদস্যদের হামলার প্রতিবাদে পিরোজপুরে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পিরোজপুর শহরের টাউন ক্লাবের সামনে গণঅবস্থান করে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বড় মসজিদের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন জুলাই মঞ্চের পিরোজপুর শাখার মুখ্য প্রতিনিধি তাহমীদ আল নাসীব, মুখ্য সমন্বয়ক আফরোজা আক্তার তুলি, মুখ্য সংগঠক ফিরোজ শেখ, ইউহানা কবির স্বাধীন, তুরাগ মল্লিক, রাতুল শেখ, নাহিয়ান নওমি, সিয়াম শেখ প্রমুখ।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা হাদি হত্যার বিচারের দাবিতে গিয়েছিল, কিন্তু উল্টো তাদের ওপর দালাল-পেটুয়া বাহিনী অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন।

তারা আরও বলেন, জুলাইয়ের রক্তের ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার দেশ সংস্কারের কথা বলেছিল, কিন্তু দুই বছর পেরিয়েও তা করতে পারেনি। হাদি হত্যার বিচার এখনো হয়নি; তাদের বিচার দাবিতে দাঁড়ালে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়।

১২ ফেব্রুয়ারি নির্বাচনের কথা উল্লেখ করে বক্তারা জানান, যে দল সরকারে যাবে, তাদের সর্বপ্রথম হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।