পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার এলাকায় বইছে আনন্দের জোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা হওয়ার পর তিনি প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার নির্বাচনি এলাকা কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে তার নেতা-কর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণকালে কর্মী-সমর্থকরা বলেন, ‘আজ পিরোজপুর জেলার মানুষ আনন্দিত। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাই। অবহেলিত কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদের উন্নয়ন সুমন ভাইয়ের হাত ধরে হবে, ইনশাআল্লাহ।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীকে পরাজিত করে বিজয় অর্জন করেন তিনি।



