ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নিলেন যুবলীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের রোপণ করা দুটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের লাগানো গাছ দুটি কেটে নেন বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুম হাওলাদার ছগীর। পরে শ্রমিক দিয়ে গাছগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকাবাসী বাধা দিলেও তা উপেক্ষা করা হয় বলে জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. সোবাহান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আ. মজিদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডে কয়েক শ মেহগনি গাছ রোপণ করা হয়েছিল।

অভিযুক্ত মাসুম হাওলাদার ছগীর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘গাছগুলো ইউনিয়ন পরিষদের কোনো অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে। বর্তমানে গাছগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টুর জিম্মায় রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’