ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকাতি করতে গিয়ে গণপিটুনি, নিহত ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:১৬ পিএম
গণপিটুনিতে ডাকাত নিহত। ছবি: রূপালী বাংলাদেশ

ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আটককৃত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার এসআই রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে জানান।

এ দিকে স্থানীয়দের ধাওয়ায় ডাকাত দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা, শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়।