রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় আনুমানিক এক হাজার মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করা হয়।
অভিযানে জড়িতদের বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


