রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে সীমান্তবর্তী কাটাখালী এলাকার ১০ নম্বর পদ্মার চর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের তিনটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখালী এলাকার ১০ নম্বর চরে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে মাটির ভেতরে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় আমেরিকার তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।


