ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক কো-অর্ডিনেশন বা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধে দেশব্যাপী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি শুরু করেছি।

​সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবার ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহীর অনেক সুনাম রয়েছে। এই ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আপনাদের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।

​সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মো. হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাহিদা এবং রাজশাহীর সিভিল সার্জন ডাঃ মো. রাজিউর রহমান।

​এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ মো. কামরুজ্জামান, রাসিকের সচিব মো. সোহেল রানা, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক কস্তরি আমিনা কুইন এবং রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের প্রতিনিধি।

​কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সভায় আরও অংশ নেন রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্ববধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিষ্ট ডাঃ মো. রেজাউর রহমান, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি এবং ভ্যাটানারি সার্জন মো. ফরহাদ উদ্দিন প্রমুখ।

​সভায় জানানো হয়, শিশুদের হাম-রুবেলা থেকে সুরক্ষা দিতে এই ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনা হবে।

যথাযথ প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ে নিবিড় তদারকির মাধ্যমে কর্মসূচিটি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত বিশেষজ্ঞ ও কর্মকর্তাবৃন্দ।